গুজবের কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে সোশ্যাল মিডিয়া

৩ মার্চ, ২০২০ ১৯:৩২  
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য ও প্রযুক্তিগত শিক্ষায় জোর দেয়ার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে গুজব তৈরির একটা কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। মঙ্গলবার (৩ মার্চ)  মাদারীপুরের কালকিনিতে বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সামনে আছে চতুর্থ শিল্প বিপ্লবের অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের তথ্য ও প্রযুক্তিগত শিক্ষায় জোর দিতে হবে।’ দীপু মনি বলেন, ‘ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ইন্টারনেটের সুবাদে আমাদের জীবন যেমন অনেক সহজ হয়েছে তেমনি তার অপপ্রয়োগ আমাদের অনেক সর্বনাশ করছে। তবে কোনো কোনো মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে গুজব তৈরির একটা কারখানা হিসেবে ব্যবহার করছে।’ এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমের সব তথ্য যাচাই-বাছাই করে লাইক, শেয়ার ও কমেন্ট করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।